শিবপুরে আহত অবস্থায় রাস্তায় পড়ে গন্ধগোকুল
দি নিউজ লায়ন ; রবিবার দুপুর নাগাদ হাওড়ার বাজে শিবপুর এলাকায় আহত অবস্থায় একটি গন্ধগোকুলকে উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। এলাকার এক বাসিন্দা বন দফতরে খবর দেন। এরপর বন কর্মীরা এসে সেটিকে উদ্ধার করেন। হাওড়ার বন আধিকারিক রাজু সরকার জানান, হাওড়া আরবান রেঞ্জ অফিসার ও তাঁর টিমের কর্মীরা খবর পেয়ে সেখানে গিয়ে এই গন্ধগোকুলটিকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া গন্ধগোকুলটি অপ্রাপ্তবয়স্ক। সেটিকে উদ্ধার করে আনার পর আপাতত পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। সুস্থ হয়ে গেলে প্রকৃতিতে তাকে ছেড়ে দেওয়া হবে। নাহলে প্রয়োজনে সেটিকে চিকিৎসার জন্য সল্টলেকের প্রাণী উদ্ধার কেন্দ্রে পাঠানো হবে। এদিকে, এদিন গন্ধগোকুল উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।গন্ধগোকুল দেখতে এলাকায় ভীড় জমে যায়। অবশেষে বনদপ্তরকে খবর দেওয়া হলে তারা সেটিকে উদ্ধার করে নিয়ে যান।
হাওড়ার বাজে শিবপুরের ২য় বাই লেনে এদিন প্রাণীটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এলাকার স্থানীয় বাসিন্দা সুজয় কুমার ঘোষ জানান, রবিবার সকালে স্থানীয় বাসিন্দারাই বিষয়টি লক্ষ্য করেন। ওই প্রাণীটির একটি চোখ ড্যামেজ রয়েছে। এরপর আমি বনদপ্তরকে খবর দিই।
বন দফতরের অফিসাররা এসে ওই প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান। বছর দুয়েক আগেও এখানে একটি আহত গন্ধগোকুল উদ্ধার হয়েছিল। তাকেও বন দফতর উদ্ধার করে নিয়ে গিয়েছিল। এখানে স্থানীয় কইপুকুর এলাকায় একটি ভগ্নপ্রায় বাড়ি রয়েছে। তার পিছন দিকটা ঝোপঝাড় আছে। সেখানেই এরা থাকে। খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে।

Post a Comment