অবশেষে শাকিব খানের ফেরার ক্ষণ চূড়ান্ত
বিনোদন ডেস্ক : অবশেষে ক্যামেরার সামনে দাঁড়ানোর ক্ষণ নির্ধারিত হয়েছে ঢালিউড কিং শাকিব খানের। ১০ সেপ্টেম্বর দীর্ঘ ছয় মাস পর শুটিং করবেন এ সময়ের সেরা এই অভিনেতা। ‘নবাব এলএলবি’ নামে একটি নতুন ছবির মাধ্যমে ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাকিব খান।
বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক অনন্য মামুন। তিনি জানান, ৩০ আগস্ট থেকে ছবির শুটিং শুরু হয়েছে। শাকিব খান যোগ দেবেন ১০ সেপ্টেম্বর। তার আগেই ছবির নায়িকা মাহিয়া মাহি শুটিংয়ে যোগ দেবেন ৫ সেপ্টেম্বর। এদিকে ‘নবাব এলএলবি’ ছবিতে অভিনয়ের জন্য বেশ ঘটা করেই প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন শাকিব খান। একেবারে ভিন্ন একটি লুকে তিনি পর্দায় হাজির হবেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন পর ফিরছি। স্বাভাবিকভাবেই দর্শক আমার কাছ থেকে ভিন্ন কিছু আশা করছেন। আমি মামুনকে বলেছি, যা বানাও একেবারে ভিন্ন কিছু বানাতে হবে। তার পরিকল্পনার কথাও আমাকে জানিয়েছে। আশা করছি, দর্শক এ ছবির মাধ্যমে নতুন এক শাকিব খানকে পাবেন।’
ছবিতে মাহিয়া মাহি ছাড়া অর্চিতা স্পর্শিয়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। শাকিবকে দেখা যাবে আইনজীবীর চরিত্রে। প্রসঙ্গত, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘নবাব’ নামের একটি ছবিতে অভিনয় করেন শাকিব খান। সে ছবিটিও ব্যবসাসফল হয়।

Post a Comment