বাড়ি ফেরার সময় স্বামীকে রাস্তায় বেঁধে রেখে স্ত্রীকে ‘গণধর্ষণ’
ঢাকা প্রতিনিধি : বাড়ি ফেরার সময় চট্টগ্রামে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে নগরীর বায়েজীদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করলে ওই নারীকে উদ্ধার করে পুলিশ।
এই ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন বাদশা মিয়া, মো. জাবেদ, মো. রবিন ও মো. ইব্রাহীম। ঘটনার সঙ্গে জড়িত মো. শফি পলাতক রয়েছেন। আসামিরা সবাই অক্সিজেন মোড় এলাকায় সিএনজি অটোরিকশাচালক।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, ‘গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত কাজ শেষে রৌফাবাদের বাসায় ফিরছিলেন স্বামী-স্ত্রী। নগরের অক্সিজেন মোড়ে শফি নামের এক ব্যক্তি তাদের পথ আটকান। তারা দুজন স্বামী-স্ত্রী নয় দাবি করে তাদের পুলিশে দেওয়ার হুমকি দেন।
এক পর্যায়ে দুজনকে গাড়িতে তোলা হয়। স্বামীকে হাত-পা বেঁধে গাড়িতে বসিয়ে রাখা হয়। স্ত্রীকে পাশের একটি কলোনিতে নিয়ে শফিসহ পাঁচজন ধর্ষণ করেছেন।’
পুলিশ আরও জানায়, গতকাল রাত দুটার দিকে ৯৯৯ থেকে খবর পায় পুলিশ। পরে কলোনিতে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়ার সময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন।

Post a Comment