কর্তব্যরত অবস্থায় সীমান্ত রক্ষী বাহিনীর এক জওয়ানের মৃতদেহ উদ্ধার
দি নিউজ লায়ন ; সীমান্ত রক্ষী বাহিনীর এক জওয়ানের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের চোপড়ায়। মৃত জওয়ানের নাম কেদার নাথ হাঁসদা(৪৫)। বাড়ি মেদিনীপুরে।শনিবার সকালে তাকে চা বাগানের মধ্যে পরে থাকতে দেখা যায়। বুকের ওপর রাখা ছিল তার সার্ভিস গান।
ঘটনাস্থল চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের কেসিগছ এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে,ওই ব্যক্তি 94 নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন। এদিন ভোর চারটে নাগাদ ক্যাম্প ইনচার্জ এর কাছে খবর আসে যে ওই বিএসএফ জওয়ানের কোনও লোকেশন খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুক্ষণের মধ্যেই গুলির আওয়াজ শোনা যায়।
খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় ওই কর্তব্যরত জওয়ানকে পড়ে থাকতে দেখা যায় চা বাগানের মধ্যে। ঘটনাটি আত্মহত্যা ,না এর পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে আছে তা এখনও পরিষ্কার নয় পুলিশের কাছে। তবে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার জানিয়েছেন, কর্তব্যরত জওয়ান নাইট ডিউটিতে ছিলেন।
এদিন ভোররাত নাগাদ একটা গুলির আওয়াজ হয়। তারপর অন্যান্য জওয়ানরা এসে দেখেন তিনি মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তার বন্দুকে একটি গুলি কম রয়েছে। এখন সেই গুলিতেই তার মৃত্যু হয়েছে নাকি এই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য আছে তা তদন্ত সাপেক্ষ। ঘটনার জোর তদন্ত শুরু হয়েছে।

Post a Comment