যাদের প্রতি বিশ্বাস ছিল, তারাই হত্যা করেছে জাতির পিতাকে : শেখ হাসিনা - The News Lion

যাদের প্রতি বিশ্বাস ছিল, তারাই হত্যা করেছে জাতির পিতাকে : শেখ হাসিনা




ঢাকা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যাদের প্রতি বিশ্বাস ছিল তারাই তাকে হত্যা করেছে বলে মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও লক্ষ্য ধ্বংস করাই খুনিদের লক্ষ্য ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটিকর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।




 ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী।  বঙ্গবন্ধুর হত্যা প্রক্রিয়ায় শুরুতে দলের ভেতরেই চক্রান্ত শুরু হয়েছিল, পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক সমালোচনার মাধ্যমে হত্যার পরিবেশ সৃষ্টি করা হয়েছিল বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে বিরোধিতা করা গণহত্যাকারী, নারী ধর্ষণকারীদের এমপি, মন্ত্রী বানিয়ে ক্ষমতায় বসিয়েছিল জিয়া।




তিনি জাতির জনকের হত্যাকারীদের পুরস্কৃত করেন। জিয়ার মতোই স্বাধীনতাবিরোধী ও জাতির পিতার হত্যাকারীদের মদদ দিয়েছেন বেগম জিয়া।’ শেখ হাসিনা আরও বলেন, ‘বিএনপির মদদে ২১ আগস্টে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে সন্ত্রাসের শিকার হয়েছি আমি।’ ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, একটি জাতি হিসেবে আত্মমর্যাদার সুযোগ করে দিয়েছিলেন, এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছিলেন তাকেই কিনা খুনিরা হত্যা করল।




তিনি বলেন, ‘পাকিস্তানিরা জাতির পিতাকে হত্যা করতে পারেনি। কিন্তু জাতির পিতার যাদের প্রতি বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, তারাই জাতির পিতাকে হত্যা করে বিশ্বাসঘাতকতা করলো।’ অনুষ্ঠানের শুরুতেই শোকাবহ যন্ত্রসংগীত পরিবেশন করার পর সূচনা বক্তব্য রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।



এরপর বঙ্গবন্ধুর কর্মময় ও সংগ্রামী জীবনের উপরে একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন এমপি আসাদুজ্জামান নূর। এবং আলোচনা সভায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন।




অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.