বাঘের আক্রমনে মৃত্যু মৎস্যজীবীর,জখম ১
দি নিউজ লায়ন ; এক সপ্তাহের ব্যবধানে ফের সুন্দরবনের বাঘের হামলায় মৃত্যু হল মৎস্যজীবীর। আশঙ্কাজনক আরো এক। বুধবার সকালে নদীতে মাছ- কাঁকড়া ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে আক্রমণ করলে মৃত্যু হয় মৎস্যজীবীর। মৃত মৎস্যজীবীর নাম হরিপদ মন্ডল(৪০)।
জখম মৎস্যজীবী প্রশান্ত মন্ডল গোসাবা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের পীরখালি ৪ নম্বর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালি নয় নম্বর এলাকার বাসিন্দা মৎস্যজীবী হরিপদ মন্ডল,প্রশান্ত মন্ডল সহ আরও ২ জন মৎস্যজীবী গত ৮ আগস্ট একটি নৌকা করে সুন্দরবনের নদীতে মাছ কাঁকড়া ধরতে যায়।
বুধবার হলদি খালে মাছ ধরার সময় আচমকা একটি বাঘ জঙ্গল থেকে বের হয়ে মৎস্যজীবী হরিপদ মন্ডলকে আক্রমণ করে। ঘটনাস্থলেই হরিপদর মৃত্যু হয়। হরিপদ কে বাঁচাতে গিয়ে ঘটনায় জখম হয় মৎস্যজীবী প্রশান্ত মণ্ডল।

Post a Comment