গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার স্বামী
দি নিউজ লায়ন ; শ্বশুরবাড়িতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মৃতার স্বামীকে গ্রেপ্তার করেছে খণ্ডঘোষ থানার পুলিস। ধৃতের নাম আসলাম আলি মল্লিক ওরফে আজাদ। খণ্ডঘোষ থানার দুবরাজহাটে তার বাড়ি। পুলিস জানিয়েছে, বছর পাঁচেক আগে খণ্ডঘোষ থানারই বামুনাড়া গ্রামের রিঙ্কি খাতুনের সঙ্গে আসলামের বিয়ে হয়।
বিয়েতে চাহিদামতো পণ দেওয়া হয়েছিল। তা সত্বেও বিয়ের কিছুদিন পর বাপেরবাড়ি থেকে আরও টাকা আনার জন্য রিঙ্কির উপর চাপ দেওয়া হয়। রিঙ্কির বাপেরবাড়ি থেকে কয়েকবার টাকা দেওয়াও হয়। টাকা না দিলেই তাঁর উপর নির্যাতন চালানো হত। কয়েকমাস আগে রিঙ্কির বাবা মোরশেদ মল্লিক মারা যান।
সে কারণে শ্বশুরবাড়ির চাহিদামতো টাকা দিতে পারছিলেন না রিঙ্কির মা। অত্যাচার বাড়ায় বাপেরবাড়িতে চলে আসেন রিঙ্কি। গত ১২ আগস্ট স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যায় আসলাম। পরেরদিন শ্বশুরবাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয় রিঙ্কির। ঘটনার বিষয়ে রিঙ্কির মা হাফিজা বেগম পুলিসে অভিযোগ দায়ের করেন।
তার ভিত্তিতে বধূ নির্যাতন ও পণের কারণে মৃত্যুর ধারায় মামলা রুজু করেছে পুলিস। বৃহস্পতিবার সকালে বাদুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে ৫ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতকে ৩ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নিের্দশ দেন ভারপ্রাপ্ত বিচারক।

Post a Comment