বাড়িতে হাঁস যাওয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, পুলিশসহ আহত ৪০
ঢাকা প্রতিনিধি : এবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিবেশীর বাড়িতে একটি হাঁস যাওয়াকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ হয়েছে। এছাড়া সদর উপজেলায় শত্রুতার জের ধরে আরেকটি সংঘর্ষ হয়। দুটি ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন ৪০ জন।নাসিরনগর থানার ওসি মো. আরিসুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুণ্ডা ইউপির মছলন্দপুর গ্রামের সড়কপাড়ার রজব আলীর হাঁস একই গ্রামের দক্ষিণপাড়ার হোসেন মিয়ার ঘরে যায়। এ সময় তারা হাঁসটি আটকে রাখে। এ নিয়ে রজব আলীর স্ত্রী আমেনা খাতুনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হন।
অপর ঘটনা সম্পর্কে সদর থানার ওসি সেলিম উদ্দিন জানান, শত্রুতার জের ধরে শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউপির আহরন্দে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইউপি সদস্য আব্দুল আজিজ, তিন পুলিশসহ উভয় পক্ষের ৩০ জন আহত হন। আহতরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন ও ভর্তি রয়েছেন। সংঘর্ষে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

Post a Comment