বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম মারা গেছেন
ঢাকা প্রতিনিধি : সত্যজিৎ রায়ের সিনেমায় আলোকচিত্রী হিসেবে কাজ করা বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে তার মৃত্যু হয়েছে। সাইদা খানমের মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বজন নিশাত জাহান রানা।
তিনি জানান, দীর্ঘদিন ধরে সাইদা খানম বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সাইদা খানম ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর পাবনায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও লাইব্রেরি সায়েন্সে মাস্টার্স করা এই নারী বেগম পত্রিকার মাধ্যমে আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। এরপর তার ছবি ছাপা হয় অবজারভার, ইত্তেফাক, সংবাদসহ বিভিন্ন পত্রিকায়।
আলোকচিত্রী হিসেবে দেশে-বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন সাইদা খানম। সত্যজিতের একাধিক ছবিতে আলোকচিত্রী হিসেবেও কাজ করেন তিনি। দেশের বাইরে ভারত, জাপান, ফ্রান্স, সুইডেন, পাকিস্তান, সাইপ্রাস ও যুক্তরাষ্ট্রে তার তোলা ছবির বেশ কয়েকটি প্রদর্শনী হয়।
জাপানে ইউনেসকো অ্যাওয়ার্ড, অনন্যা শীর্ষ ১০ পুরস্কার, বেগম পত্রিকার ৫০ বছর পূর্তি পুরস্কার, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সম্মানসূচক ফেলোসহ বিভিন্ন স্বীকৃতি পান তিনি।

Post a Comment