করোনা আতঙ্কে আত্মঘাতী যুবক
দি নিউজ লায়ন ; করোনা আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে হাওড়ার সালকিয়ায়। তিনি এলাকায় একটি রাজনৈতিক দলের যুব নেতা ছিলেন। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ তাঁর ঘর থেকে দেহ উদ্ধার করা হয়।
মালিপাঁচঘড়া থানার পুলিস জানিয়েছে, আত্মঘাতী ওই যুবকের নাম মনোজ দুবে (৩৮)। বাড়ি সালকিয়া বাবুডাঙার ৭২, শ্রীরাম ঢ্যাং রোডে। তাঁর এক স্ত্রী ও শিশু সন্তান রয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার তিনি স্ত্রী সন্তানকে তাঁর বাপের বাড়িতে রেখে আসেন। তারপর বৃহস্পতিবার ভোরের দিকে তিনি আত্মঘাতী হন। এই খবর জানার পরেই তাঁর বাড়িতে ভিড় জমান এলাকার রাজনৈতিক দলের নেতা কর্মীরা।
প্রতিবেশীরা জানান, গত দু’মাস ধরে করোনার আতঙ্কে ভুগছিলেন তিনি। জ্বর, সর্দি-কাশির মতো উপসর্গ তাঁর ছিল। সেই কারণে নিজের ও পরিবারের সকলের করোনা পরীক্ষা করা হয়। যদিও তাঁর সহ পরিবারের সবার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। তারপরও ভয় কাটছিল না।
অক্সিমিটার লাগিয়ে বারবার নিজে থেকেই নানারকম পরীক্ষা করতেন। এসব কারণে তাঁর মধ্যে তীব্র মানসিক অবসাদ তৈরি হয়েছিল। সেখান থেকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। পুলিসের এক পদস্থ কর্তা জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদ থেকে তিনি আত্মঘাতী হয়েছেন। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment