সীমান্ত হত্যা নিয়ে শ্রিংলার কাছে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের উদ্বেগ প্রকাশ
ঢাকা প্রতিনিধি : সফরে থাকা ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠকে সীমান্তে ‘অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড’ নিয়ে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আজ বুধবার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মাসুদ বিন মোমেন বলেন, ‘সীমান্ত হত্যার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। আগামী মাসে বিজিবি-বিএসএফের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক আছে। বৈঠকের আগে নতুন বিএসএফ ডিজিকে তিনি এ বিষয়ে নির্দেশনা দেবেন।’ তিনি বলেন, ‘সীমান্ত হত্যার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। গত ৬-৭ মাস নিহতের সংখ্যা আগের চেয়ে কিছুটা বেড়েছে। এ বিষয়ে আমরা উদ্বেগ জানিয়েছি।’
রোহিঙ্গা ইস্যু নিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘যেহেতু প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও মিয়ানমার এবং আঞ্চলিক বিষয়গুলো নিয়ে তারা অবহিত, এ বিষয়ে তাদের সহযোগিতা চেয়েছি। তারা রাখাইনে কিছু অবকাঠামো তৈরি করেছে যাতে প্রত্যাবাসনের পর থাকতে পারে।
দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে বুঝিয়ে রাজি করানোর আহ্বান জানিয়েছি।’ দু’দেশের সম্পর্ক নিয়ে উভয়দেশের কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে বৈঠকে পরস্পরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মূলধারার সংবাদমাধ্যমের সঙ্গে করোনা পরিস্থিতির কারণে ওইভাবে বসা হয়নি।
দু’দেশের সম্পর্কোন্নয়নে উভয় দেশের সংবাদমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। এরআগে, আকস্মিক সফরে গতকাল মঙ্গলবার ঢাকায় যান পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

Post a Comment