শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবার শপথ নিলেন মাহিন্দা রাজাপাকসে
দি নিউজ লায়ন ; শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মাহিন্দা রাজাপাকসে। রোববার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সামনে চতুর্থবারের মতো তিনি এই শপথ নেন। ১১ বছর আগে তামিল বিদ্রোহীদের দমন করে শ্রীলঙ্কায় তুমুল জনপ্রিয়তা অর্জন করেন গোটাবায়া রাজাপাকসে। ওই সময় তিনি প্রতিরক্ষামন্ত্রী ছিলেন এবং তাঁর ভাই মাহিন্দা প্রেসিডেন্ট ছিলেন।
নির্বাচনে রাজাপাকসে ভাইদের দল শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট তাদের প্রতিশ্রুতি অনুযায়ী, একাধিক সাংবিধানিক পরিবর্তন আনার জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ‘সুপার মেজরিটি’ বা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। দলটি ২২৫টি আসনের মধ্যে এককভাবে ১৪৫টি আসন এবং তাদের জোট থেকে আরো পাঁচটি আসন জিতেছে।
এক বছর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন গোটাবায়া রাজাপাকসে। পডুজানা পেরামুনা (এসএলপিপি) দল থেকে মনোনীত হয়েছিলেন তিনি। গোটাবায়া বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বড় ভাই। এসএলপিপির প্রতিষ্ঠাতাপ্রধান মাহিন্দা।
গোটাবায়ার প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মাহিন্দার। ফলে গোটাবায়া প্রেসিডেন্ট হয়েই ঋণশোধ করেছেন। এসএলপিপি দল সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তাদের সরকার গড়ার সুযোগ দিয়েছিলেন গোটাবায়া। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন মাহিন্দা। গোটাবায়া সাময়িক সময়ের জন্য সংবিধান বাতিল করে দিয়েছিলেন। সে কারণেই মাহিন্দা প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন।

Post a Comment