আবারও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন সুন্দরবনের বাসিন্দারা
আবারও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন সুন্দরবনের বাসিন্দারা। প্রবল বৃষ্টি ও ভরা কোটালে তছনছ সুন্দরবনের একাধিক নদীবাঁধ। বুধবার থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। দফায়-দফায় চলা ভারী বৃষ্টির জেরে বৃহস্পতিবার থেকে নদীর বাঁধ ছাপিয়ে জল ঢুকছে সুন্দরবনের নদীর পাড় লাগোয়া গ্রামগুলিতে। ইতিমধ্যেই সাগর, পাথরপ্রতিমা, নামখানা, রায়দিঘির হাজার-হাজার বিঘে ধানজমি, পানের বরোজ জলমগ্ন হয়ে পড়েছে। আতঙ্কে বাড়িঘর ছেড়ে উঁচু এলাকায় আশ্রয় নিয়েছেন বহু মানুষ।
এলাকায় প্রশাসনের উদ্যোগে ত্রাণ শিবির চালু হয়েছে। ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ-সমাগ্রী পাঠাচ্ছে ব্লক প্রশাসন। পাথরপ্রতিমার গোবর্ধনপুরে জলের তোড়ে ভঙে পড়েছে নদীবাঁধ। হু-হু করে জল ঢুকছে গ্রামে। এছাড়াও জলের তোড়ে দক্ষিণ রায়পুরের কাওরাখালি ও রামগঙ্গা গিরির মোড়ে বাঁধ ভেঙেছে। এরই পাশাপাশি ব্রজবল্লভপুরের মুসলিমপাড়া, জানারহাট, শ্রীধর নগর পঞ্চায়েতে বাঁধ উপচে জল ঢুকছে গ্রামে।
সাগরের বঙ্কিমনগর, বেগুয়াখালি, বোটখালি, ঘোড়ামারা, মৌসুনি এলাকায় নদীবাঁধ উপচে গ্রামে জল ঢুকছে। এরই পাশাপাশি ফ্রেজারগঞ্জ, বকখালি এলাকার একাধিক বাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে একাটানা কয়েকদিন ধরে চলা বৃষ্টির জেরে ইতিমধ্যেই সুন্দরবনের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বেশ কয়েকটি এলাকায় ভেঙে পড়েছে বাড়িঘর। চাষের জমিতেও জল ঢুকে গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়েই যুদ্ধকালীন তৎপরতায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় ভেঙে পড়া নদীবাঁধ মেরামতের কাজে হাত লাগিয়েছে প্রশাসন। তবে বৃষ্টি চলতে থাকায় পদে-পদে সেকাজে বাধার সৃষ্টি হচ্ছে।


Post a Comment