সমুদ্রের জল থেকেই তৈরি হবে জ্বালানি, দাবি ক্যালিফোর্ণিয়া গবেষকদের
পৃথিবী জুড়ে পেট্রল-ডিজেল সহ খনিজ তেলের ভাণ্ডার ক্রমশ ফুরিয়ে আসছে। তাই বিজ্ঞানীরা খোঁজ চালাচ্ছেন বিকল্প জ্বালানির। এই পরিস্থিতিতে ক্যালিফোর্ণিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক গ্রেগ রাউ বলছেন সমুদ্রের জল থেকেই তৈরি হতে পারে বিকল্প জ্বালানি৷ সমুদ্রের জলের অণুগুলি ভেঙে তৈরি করতে হবে হাইড্রোজেন গ্যাস৷ এর জন্য ব্যবহার করতে হবে ইলেকট্রোলাইসিস পদ্ধতি৷
জলের তড়িদায়ন হয়ে রাসায়নিক বিক্রিয়ায় এই জ্বালানি উৎপাদন করা সম্ভব৷ হাইড্রোঅক্সাইড আয়ন ও হাইড্রোজেন আয়নগুলিকে আলাদা করতে পারা যাবে ইলেকট্রোলাইসিসের মধ্যে দিয়ে৷ এই হাইড্রোঅক্সাইড বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করবে৷ তৈরি করবে বায়ো কার্বোনেট৷ তারপর সেখান থেকেই তৈরি করা যাবে বিশেষ জ্বালানি৷
এই বায়ো কার্বেনেট কোনও ভাবেই সমুদ্রের ইকো সিস্টেমকে দূষিত করবে না৷ সমীক্ষা বলছে সৌর বিদ্যুৎ ও বায়ুশক্তি দিয়ে তৈরি বিদ্যুৎ যেভাবে বিকল্প জ্বালানি হিসেবে মর্যাদা পেয়েছে, তেমনই এই সমুদ্রের জল থেকে তৈরি জ্বালানি নতুন দিশা দেখাবে বিশ্বকে৷ এই জ্বালানিকে বলা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল৷ এর খরচও অনেক কম বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা৷ এতে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও উল্লেখযোগ্য হারে কমে যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা৷

Post a Comment