নেশার টাকা না পেয়ে বৃদ্ধা ঠাকুমাকে বাঁশ দিয়ে পিটিয়ে মারল নাতি - The News Lion

নেশার টাকা না পেয়ে বৃদ্ধা ঠাকুমাকে বাঁশ দিয়ে পিটিয়ে মারল নাতি



 মাধবডিহি থানার বড়বৈনান এলাকায় নেশার টাকা না পেয়ে বৃদ্ধা ঠাকুমাকে বাঁশ দিয়ে পিটিয়ে মারল নাতি। মৃতার নাম বীনাপানি পালধি (৮৫ )।  অভিযুক্ত নাতিকে (আশিস পালধি) গ্রেফতার করেছে পুলিশ।   ঘটনার দিন রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে দিয়ে ঘটনার পুনির্নর্মাণ করিয়েছে পুলিশ। খুনে ব্যবহৃত বাঁশের লাঠিটি পুলিশ বাজেয়াপ্ত করেছে।



পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী মারা যাওয়ার পর ছোট ছেলে সত্যনারায়ণ পালধির বাড়িতে থাকতেন বীনাপানি দেবী। বছর দু’য়েক আগে আশিস বিহারের একটি হিমঘরে মেকানিকের কাজ করতে যায়। সেখানে গিয়ে সে নেশায় আসক্ত হয়ে পড়ে। বছর খানেক আগে সে বাড়ি ফেরে। নেশার টাকার জন্য সে বাবা-মাকে হামেশাই চাপ দিত। এমনকি নেশার টাকা না পেয়ে  মাস পাঁচেক আগে  মাকেও কাটারি দিয়ে কোপায় সে ।   



 সোমবার সকালে আশিস বাবা-মায়ের কাছে ২০০ টাকা চায়। বাবা-মা টাকা না দিলে সে ঠাকুমার কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় আচমকা সে ঠাকুমাকে বাঁশের লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করে। মারধরে জ্ঞান  হারান বীনাপানি দেবী। প্রথমে তাঁকে মাধবডিহি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মৃতের জ্যাঠা সদানন্দ পালধি পুলিসে অভিযোগ দায়ের করেন। আর তার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিস।



মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতের হয়ে কোনও আইনজীবী এদিন দাঁড়ান নি। ধৃতকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম সোমনাথ দাস।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.