দুই ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে রেকর্ড গড়ল অ্যাপল
প্রথম মার্কিন কোম্পানি হিসেবে দুই ট্রিলিয়ন ডলারের মালিক হলো অ্যাপল। সূত্রের খবর, প্রথম এক ট্রিলিয়ন ডলারের মালিক হতে কোম্পানিটির লেগেছিল ৪২ বছর আর এরপর মাত্র দুই বছরের মধ্যেই ছুঁয়ে ফেলল দুই ট্রিলিয়ন ডলারের মাইল ফলক। ২০১৮ সালে অ্যাপল প্রথমবারের মতো এক ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক হয়।করোনার জেরে যখন সংকুচিত বিশ্ব অর্থনীতি তখন সম্পদ গড়ার রেকর্ড গড়ল অ্যাপল। মাত্র ২১ সপ্তাহ অর্থাৎ সাড়ে ৫ মাসেরও কম সময়ের মধ্যে ১ ট্রিলিয়ন ডলার যোগ করার মাধ্যমে প্রথম মার্কিন কোম্পানি হিসেবে দুই ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক হল টেক জায়ান্ট অ্যাপল।
বুধবার (১৯ আগস্ট) ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপলের শেয়ারের দাম ৪৬৮.৬৫ ডলারে উঠলেই কোম্পানিটি ২.০০৪ ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক হয়। আর সর্বশেষ লেনদেনে অ্যাপলের শেয়ারমূল্য ১.২ শতাংশ বেড়ে এর বাজার মূলধন দাঁড়ায় ১.৯৯৯ ট্রিলিয়ন ডলারে। ১৯৭৬ সালের ১লা এপ্রিল থেকে পথচলা শুরু করা অ্যাপলে বর্তমানে কাজ করছে ১ লাখ ৩৭ হাজার কর্মী। । অ্যাপলের শেয়ারমূল্য করোনা ধাক্কায় গত মার্চের মধ্যভাগেও ১ ট্রিলিয়ন ডলারের নিচে ছিল। ২৩ মার্চ, এ বছরের সর্বনিম্ন অবস্থানে পৌঁছায় মার্কিন শেয়ারবাজার। এরপরই বাজার সামলাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
এর আগে আর একটি মাত্র প্রতিষ্ঠান দুই ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক হয়, সেই কোম্পানিটি হল সৌদি আরবের জ্বালানিখাতের প্রতিষ্ঠান আরামকো। গত ডিসেম্বরে দুই ট্রিলিয়নের মাইলফলক স্পর্শ করে কোম্পানিটি। অবশ্য চলতি বছরের শুরু থেকে করোনার কারণে বিশ্বব্যাপী জ্বালানির চাহিদা কমতে থাকায় সৌদির জাতীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ভিত্তিক কোম্পানি আরামকোর শেয়ারের দরও পড়তে থাকে।

Post a Comment