সুশান্তের মৃত্যু তদন্তে বাকযুদ্ধে সামিল হয়েছে দুই রাজ্যের পুলিশ
অভিনেতা সুশান্তের রহস্যজনক মৃত্যুর তদন্ত মুম্বই পুলিশের হাত ধরে শুরু হলেও বিহার পুলিশ বর্তমানে এই তদন্ত করছে, যা নিয়ে শুরু হয়েছে দোষারোপ। প্রশ্ন উঠছে নিরপেক্ষতা নিয়েও। রবিবার সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার তদন্তে মুম্বই গিয়েছেন পাটনা সেন্ট্রালের এসপি বিনয় তিওয়ারি। বৃহন্মুম্বই পৌরসভার বিরুদ্ধে অভিযোগ, সেদিনই ‘জোর করে’ বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এমনটাই জানিয়েছেন বিহার পুলিশের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে।
বিহার পুলিশের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডের অভিযোগ নিয়ে সোমবার মুখ খুলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। অসন্তোষ প্রকাশ করে তিনি বলেছেন, “এটা ঠিক নয়। বিহার পুলিশ দায়িত্ব পালন করেছে”। এও জানিয়েছেন, “বিষয়টি রাজনৈতিক নয়। বিহার পুলিশ শুধুমাত্র আইনি দায়িত্ব পালন করছে”।
আত্মহত্যায় প্ররোচনা সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। জুলাই মাসের ২৮ তারিখ সুশান্তের বাবা কেকে সিং পাটনায় এফআইআর করেছেন রিয়া চক্রবর্তী সহ ৬ জনের বিরুদ্ধে। ইতিমধ্যেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা পাটনা থেকে মুম্বইতে সরিয়ে আনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন রিয়া চক্রবর্তী। তার প্রেক্ষিতে বিহার পুলিশ ও সুশান্তের বাবা কেকে সিং ক্যাভিয়েট দাখিল করেছেন।

Post a Comment