প্রয়াত বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমারের ভাই আসলাম খান
প্রয়াত বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমারের ভাই আসলাম খান। শুক্রবার ভোরে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে গত ১৬ আগস্ট শনিবার গভীর রাতে দিলীপ কুমারের দুই ভাই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। লীলাবতী হাসপাতালে তখন থেকেই তারা ভেন্টিলেটরে ছিলেন। এহসান খানের বয়স ৯০ ও আসলাম খানের বয়স ছিল ৮৮।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার ডায়াবিটিজ, হাইপারটেনশন ও হার্টের সমস্যা ছিল।করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসার পরই দুই ভাইকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল বলে জানানো হয়েছিল। তবে কোভিড যুদ্ধে হার মানলেন প্রবীণ অভিনেতার ছোট ভাই। শুক্রবার সকালে জীবনাবসান হয় আসলাম খানের।
দিলীপ কুমারের দুই ভাইয়ের চিকিত্সার দায়িত্বে থাকা ডাক্তার আগেই জানিয়েছিলেন, ‘বয়স ও কো-মর্বিটিজ থাকায় তাদের দু’জনের অবস্থায় আশঙ্কাজনক। তাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।’ এহসান ও আসলাম খানের হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়ে সায়রা বানু জানিয়েছিলেন, ‘জলিল পারকার ও কার্ডিয়োলজিস্ট নিতিন গোখেল তাদের চিকিত্সা করছেন। আল্লাহর কৃপায় তারা ভালো হয়ে উঠুক, এই প্রার্থনা করুন।’
Post a Comment