বাঁকুড়ায় পর পর তিন বাড়িতে চুরি
দি নিউজ লায়ন ; গভীর রাতে নয়, ভোরের আলো ফোটার পর পরপর তিনটি বাড়ির দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটল বাঁকুড়া শহরে। চুরি চলাকালীন একটি বাড়িতে লোক এসে পড়ায় তাঁকে মারধর করে শাবল ও ভোজালি ফেলে চম্পট দিল দুস্কৃতি।
বাঁকুড়া শহরের ভরা বাজারের মধ্যে রয়েছে কান্তি বাবুর গলি। ঘনবসতিপূর্ণ ওই গলিতে বসবাসকারী সদানন্দ রক্ষিত অন্যান্য দিনের মতোই আজ ভোর বেলায় ঘুম থেকে উঠে ফুল তুলতে যান।
অভিযোগ ফুল তুলে ফেরার পর বাড়িতে ঢুকতে গিয়েই চক্ষু চড়কগাছ সদানন্দ রক্ষিতের। দেখেন বাড়ির দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের মধ্যে আলো জ্বলছে। বাড়িতে ঢুকতেই এক দুস্কৃতি তাঁর উপর আক্রমণ করে বসে। এরপর সদানন্দ রক্ষিতকে হালকা মারধর করে সঙ্গে আনা শাবল ও ভোজালি ফেলে চম্পট দেয় ওই দুস্কৃতি। বাড়িতে ঢুকে দেখেন গোটা ঘর তছনছ করে দিয়ে গেছে দুস্কৃতিরা।
আলিমারিতে থাকা নগদ প্রায় পয়ত্রিশ হাজার টাকা ও কিছু দামী গহনা চুরি করে নিয়ে গেছে দুস্কৃতিরা। সকাল হতেই জানা যায় শুধু সদানন্দ রক্ষিতের বাড়িতেই নয় দুস্কৃতিরা পার্শ্ববর্তী একটি রেশন দোকান ও একটি বাড়িতেই হানা দেয় দুস্কৃতিরা। আজ সকালে খবর পেতেই এলাকায় যায় বাঁকুড়া সদর থানার পুলিশ।
দুস্কৃতির ফেলে যাওয়া শাবল, ভোজালি সহ অন্যান্য অস্ত্রগুলি পুলিশ বাজেয়াপ্ত করে। ঘনজনবসতীপূর্ণ এলাকায় এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে।

Post a Comment