উদ্ধার কোটি টাকার সাপের বিষ - The News Lion

উদ্ধার কোটি টাকার সাপের বিষ




দি লায়ন নিউজ ;   ফ্রান্সে তৈরি বুলেটপ্রুফ কাচের জারবন্দি প্রায় কোটি টাকার সাপের বিষ উদ্ধার করলো সিআইডি এবং বামনগোলা থানার পুলিশ। এই ঘটনায় আন্তর্জাতিক পাচার চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বামনগোলা থানার পাকুয়াহাট পেট্রোল পাম্প এলাকার অভিযান চালিয়ে একটি গাড়ি সহ ওই দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ ও সিআইডি।


ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বুলেটপ্রুফ জারবন্দি ৬০০ গ্রাম সাপের বিষ। যার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই পাচারকারীর নাম মোহাম্মদ কালাম ওরফে আলম মিঞা (৩২) এবং মসফিক আলম (২৯)।


 ধৃত দু'জনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার চাঁদডারা এলাকায়। গঙ্গারামপুর থেকে গোপনে গাড়িতে সাপের বিষ নিয়ে মালদা আসছিল তারা। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে বামনগোলা থানার পুলিশ এবং সিআইডি অফিসাররা সাদা পাকুয়াহাট পেট্রোল পাম্পের কাছে ওই গাড়িটি দাঁড় করায় এবং গাড়িটি তল্লাশি চালিয়ে কাঁচের জারবন্দি ৬০০ গ্রাম সাপের বিষ উদ্ধার করে।



পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে পাত্রে সাপের বিষ মজুত করা ছিল, সেটি বুলেটপ্রুফ কাচের জার। সেই জারে একটি স্টিকারে "মেড ইন ফ্রান্স" উল্লেখ করা রয়েছে। একটি কোড নম্বর দেওয়া রয়েছে। তার থেকেই পুলিশ এবং সিআইডি কর্তাদের প্রাথমিক অনুমান, ওই জারটি সম্ভবত ফ্রান্সে তৈরি।


 কিন্তু এত উন্নত মানের জার কিভাবে পাচারকারীদের কাছে এলো এবং এরা কোথা থেকে এত বিপুল পরিমাণ সাপের বিষ জোগাড় করলো এবং কোথায় তা পাচার করা হচ্ছিল তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ ও সিআইডি কর্তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.