প্রয়াত মধ্যপ্রদেশের রাজ্যপাল লাল জি তান্দন
প্রয়াত মধ্যপ্রদেশের রাজ্যপাল লাল জি তান্দন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মঙ্গলবার ভোর ৫ টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকালে রাজ্যপালের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে আশুতোষ তান্দন। সংক্ষিপ্ত টুইটবার্তায় তিনি বলেন, ‘বাপুজি, নেই।’
শ্বাসকষ্টজনিত সমস্যা, জ্বর এবং মূত্রত্যাগে সমস্যার জন্য গত ১১ জুন তাঁকে লখনউয়ের মেদান্ত হাসপাতালে ভরতি করা হয়েছিল। সেই সময় তাঁর করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবে পাকস্থলীতে সমস্যা ধরা পড়েছিল। রক্তক্ষরণ হচ্ছিল তাঁর। সেজন্য জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল। তারপর তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মধ্যপ্রদেশের রাজ্যপালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি বলেন, ‘সমাজের সেবায় অক্লান্ত পরিশ্রমের জন্য লাল ট্যান্ডনজিকে স্মরণ করা হবে। উত্তরপ্রদেশে বিজেপির শক্তি বাড়াতে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সর্বদা জনকল্যাণকে গুরুত্ব দিয়ে দক্ষ প্রশাসক হিসেবে নিজের ছাপ রেখে গিয়েছেন তিনি। তাঁর মৃত্যুর খবরে শোকাহত।’
Post a Comment