কাঁটাতার পেরিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রমিক, তারপর....
মহারাষ্ট্রের ওসমানাবাদে বাড়ি সিদ্দিকি মহম্মদ জিশানের। ফেসবুকে তাঁর আলাপ হয় পাকিস্তানের এক যুবতীর সঙ্গে। বন্ধুত্ব এগোয় ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে। এরপরই 'আশিক' জিশান ঠিক করে কাঁটাতার পার করে প্রেমিকার সঙ্গে দেখা করতে যাবেন পাকিস্তান। আর ভাবনা অনুসারে শুরু কাজ। পাকিস্তানি প্রেমিকার সঙ্গে দেখা করবেন বলে সীমান্ত পার করতে যান প্রেমিক যুবা। তাও আবার ১২০০ কিলোমিটার পথ। গুগল ম্যাপকে পথপ্রদর্শক করে মহারাষ্ট্র থেকে শুরু হয় বাইকে 'সুহানা সফর'।
তবে গুগল ম্যাপের নেভিগেশনের খামখেয়ালিপনায় 'সফর' খুব একটা সুহানা হয়নি। ১২০০ কিলোমিটার পথ এই গরমে পার করতে গিয়ে ডিহাইড্রেশন হয়ে যায় জিশানের। কাঁটাতার টপকানোর আগেই অচৈতন্য হয়ে পড়েছিলেন ভারত-পাকিস্তান সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে। তারপর বিএসএফ জওয়ানরা উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। গুজরাতের কচ্ছের রণ থেকে উদ্ধার হয়েছেন বছর কুড়ির ওই যুবক।
এদিকে ততক্ষণে জিশানের বাড়ির লোক ছেলে 'হারানো'র অভিযোগ জানিয়ে দিয়েছে মহারাষ্ট্র পুলিশকে। তারাই যোগাযোগ করে গুজরাত পুলিশের সঙ্গে। এরপরই মোবাইল ফোনের টাওয়ার ট্র্যাক করে বিএসএফ জওয়ানদের তৎপরতায় জিশানকে ধোলাভিরা থেকে উদ্ধার করা হয়। যদিও আপাতত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে জিশানকে।
Post a Comment