মিশরে হোটেল থেকে বাংলাদেশি-আমেরিকান তরুণীর লাশ উদ্ধার
ঢাকা প্রতিনিধি : মিশরের কায়রোর একটি হোটেল থেকে আমেরিকার নিউইয়র্ক ও নিউজার্সির পরিচিত মুখ বিউটি এক্সপার্ট বাংলাদেশি আমেরিকান তরুণী ফাতেমা খান খুকির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মাত্র পাঁচদিন আগেই খুকি ব্যক্তিগত একটা কাজে ভ্রমণে কায়রো গিয়েছিলেন বলে জানা গেছে।
সেখানে গতকাল মঙ্গলবার হোটেল কক্ষ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশ। মিশরের কায়রোর মার্কিন দূতাবাস খুকির বোনকে টেলিফোনে তার মৃত্যুর খবর জানায়। তবে এখনো পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। খুকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বান্ধবী জাতীয় পার্টির নেত্রী শাহজাদী নাহিনা নূর।
শাহজাদী তার ফেসবুক পেইজে লেখেন, ‘আমাদের প্রিয় দোস্ত ফাতেমা খান খুকি আর নেই। কোভিড নাইনটিনে আক্রান্ত হয়ে নয়, সাত দিন আগে তার লাশ পাওয়া গেছে মিশরের একটি হোটেলে। এইমাত্র আমাকে এক বন্ধু বিষয়টি নিশ্চিত করেছে।’ তিনি আরও লেখেন, গত সপ্তাহেই তার জন্মদিন ছিল। আমি বাকরুদ্ধ। কে তাকে হত্যা করল কিংবা কীভাবে সে মারা গেল, তার কারণ কেউ জানে না। খুকি, কেন তুমি মিশর গিয়েছিলে? কেন?’
খুকির বান্ধবী নিউইয়র্কের টিভি উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া বলেন, আমিও খবরটি পেয়েছি। আমি কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছি না। খুকি কেন মিশর গিয়েছিল, কারো সাথে গিয়েছিল কি-না, কিংবা কারো সাথে দেখা করতে গিয়েছিল কি-না তার কোনও কিছুই আমরা জানি না। পুরো বিষয়টি রহস্যাবৃত।
জানা গিয়েছে, ফাতেমা খান খুকি বিউটি এক্সপার্ট হিসেবে কাজ করতেন। তিনি কিছুদিন মেসি'জ-এ কাজ করেছেন। থাকতেন নিউজার্সিতে। তার আনুমানিক বয়স ৪৪ বছর।


Post a Comment