মাথায় কাঠের মুগুর মেরে স্ত্রী কে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর
ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে খুন করে নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল স্বামী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার
মৌচূড়া গ্রামের বাউরি পাড়ায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। অন্যদিকে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ক্ষেত থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে মৃতের স্বামী কে।
পুলিশ জানিয়েছে মৃতার নাম দুর্গা বাউরী । গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া স্বামীর নাম নিতাই বাউরি। এই ঘটনার পিছনে পারিবারিক অশান্তি না কি অন্য কোনো কারণ রয়েছে তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে ওন্দা থানার পুলিশ।
মৃতার পরিবার সূত্রে জানা গেছে গতকাল রাত বারোটা নাগাদ নিতাই বাউরী বাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় স্ত্রী দুর্গা বাউরির উপর চড়াও হয়। কাঠের মুগুর নিয়ে চড়াও হয়ে স্ত্রী দুর্গা বাউরির মাথায় প্রচন্ড আঘাত করে পালিয়ে যায় নিতাই। ঘটনার সময় পাশেই শুয়ে ছিল দুর্গা দেবীর এক বিবাহিতা মেয়ে। বাবার এই কীর্তি দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করে মেয়ে।
এই চেচামেচিতে পরিবারের অন্যান্য সদস্যরা ও আশপাশের মানুষ বেরিয়ে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দুর্গাদেবী। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুর্গাদেবীর।
তারপর থেকেই খোঁজ মিলছিল না অভিযুক্ত স্বামীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ওন্দা থানার পুলিশ।বাড়ি থেকে মৃতদেহটিকে উদ্ধার করা হয়। এরপর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বিষ খেয়ে পড়েছিলেন অভিযুক্ত নিতাই বাউরী।
পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে রামসাগর হাসপাতালে ও পরে সেখান থেকে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যায়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে নিতাই বাউরির। স্থানীয় সূত্রে জানা গেছে স্ত্রী কে সন্দেহ করা নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল ওই দম্পতির।
সেই কলহের জেরেই খুন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Post a Comment