৩ বছরের শিশু কন্যাকে খুন করে আত্মঘাতী মা
বারাকপুর সদর বাজার এলাকায় ৩ বছরের শিশু কন্যাকে খুন করে আত্মঘাতী মা। মৃত মহিলার নাম পারভিন খান ও মৃত শিশুটির নাম ইভানা খান। বুধবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে বারাকপুর থানার পুলিশ এসে দরজা ভেঙ্গে তাঁদের নিজেদের শোয়ার ঘর থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারনা পারিবারিক অশান্তির জেরে মা পারভিন খান তার ছোট্ট শিশুকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হয়েছে ।
এদিন পুলিশ দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখে বিছানায় মৃত অবস্থায় পরে রয়েছে শিশুটি আর মা পারভিনের দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। বারাকপুর থানার পুলিশ সূত্রের খবর যে সময়, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সেই সময় মৃত পারভিন খানের স্বামী ইমরান খান বাড়িতে ছিলেন না।
যদিও প্রতিবেশীদের দাবি কোনও দিন স্বামী স্ত্রীর মধ্যে কোনও ঝামেলা বা অশান্তি হতে দেখেননি তাঁরা। তবুও কেন এই ঘটনা ঘটল তা নিয়ে যথেষ্টই হতবাক ও বিস্মিত প্রতিবেশীরা। বারাকপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার স্বামী ইমরান খানকে জেরা করছে।
Post a Comment