দশম শ্রেণির ছাত্রীর রহস্য মৃত্যু হাওড়ায়
বুধবার সারারাত নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে দশম শ্রেণির এক ছাত্রীর দেহ ভেসে উঠল পাশের পাড়ার একটি পুকুরে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বি গার্ডেন থানা এলাকার দক্ষিণ বাকসাড়া এলাকায়। মৃতার নাম প্রেয়শ্রী ঘোষ। বাড়ি সাঁতরাগাছি থানা এলাকার দক্ষিণ পালপাড়ায়।
সে পড়তো সুরেন্দ্রনাথ গার্লস স্কুলে। ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সে বন্ধুদের সঙ্গে বাড়ির বাইরে বেরিয়েছিল। এরপর বাড়ি ফিরে খাওয়াদাওয়ার পর দোতলার ঘরে শুতে চলে যায়। এরপর কোনও বন্ধুর ফোন পেয়ে সে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।
এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের দাবি, এই ঘটনায় তার পাড়ার এবং স্কুলের কয়েকজন বন্ধুর যোগ রয়েছে। দু'জন ঘনিষ্ঠ বন্ধুর নাম পরিবার সূত্রে পুলিশকে জানানো হয়েছে। পরিবারের তরফে থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে ছাত্রীর মোবাইল ফোন পাওয়া যায়নি বলে অভিযোগ। প্রেমঘটিত কোনও কারণে এমন ঘটতে পারে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

Post a Comment