আজ মমতার ভার্চুয়াল সভা, বুথে বুথে শহিদদের শ্রদ্ধা তৃণমূলের
করোনাভাইরাস পরিস্থিতিতে এবার 'একুশে জুলাই'-এর সমাবেশ হবে না আগেই জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, বুথস্তরে দলীয় কর্মীরা শহিদদের শ্রদ্ধা জানাবেন। তারপর দলীয় কর্মীদের উদ্দেশে ভার্চুয়াল বক্তৃতা দেবেন তৃণমূল সুপ্রিমো। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এবারের 'একুশে জুলাই' ছিল তৃণমূল সবথেকে বড় কর্মসূচি।
করোনার জেরে সমাবেশ ভেস্তে গেলেও দলীয় স্তরে কীভাবে কর্মসূচি পালন করা হবে, তা নিয়ে তৃণমূল নেতানেত্রীদের সঙ্গে বৈঠক করেন মমতা। বৈঠকের পর দলের এক বর্ষীয়ান নেতা বলেন, ‘ওই দিন দুপুর একটা থেকে দুটো পর্যন্ত বুথস্তরে আমাদের নেতা এবং দলীয় কর্মীরা যাবতীয় সুরক্ষাবিধি মেনে ছোটো জমায়েত করবেন। দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত মমতা বন্দ্য়োপাধ্যায় দলের নেতা এবং কর্মীদের উদ্দেশে ভার্চুয়াল ভাষণ দেবেন।’
তৃণমূল সূত্রে খবর, বুথস্তরে দলীয় পতাকা তুলে শহিদদের শ্রদ্ধা জানানো হবে। সেখানে দলের বিধায়ক এবং সাংসদরা থাকতে পারেন। পাশাপাশি রাজ্যস্তরে সেই কর্মসূচি পালনের ভার দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতাদের উপর। পরে মমতার ভাষণের ফেসবুকে লাইভ করা হবে। সেই এক ঘণ্টার ভাষণেই মমতার আগামী বছর ফাইনালের রণনীতি এবং প্রচারের অভিমুখ নির্ধারণ করে দেবেন বলে তৃণমূলের অন্দরের খবর।
Post a Comment