বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে ভয়ানকভাবে উদ্ধার তরুণী!
যাদবপুরের বিক্রমগড় এলাকায় পল্লবি কর্মকার নামে বছর ২৩ এর তরুণীকে চারদিন ধরে ফোনে পাওয়া যাচ্ছিল না। ওই তরুণী আদতে নিউটাউনের বাসিন্দা। তবে যাদবপুরের বিক্রমগড় এলাকায় ৭ হাজার টাকা দিয়ে সাড়ে তিনবছর ধরে একটি বাড়ির চারতলায় ভাড়াটে হিসেবে থাকতেন। মঙ্গলবার রাতে ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিস দেখতে পায়, গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে ওই তরুণী। গোটা শরীরেই পচন ধরে গিয়েছে। ঘটনাটি চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
নিম্নবিত্ত পরিবারের এই তরুণী এক জায়গায় সেলাইয়ের কাজ করতেন। বাবা মারা গিয়েছেন। বাড়ির অবস্থা ভালো নয়। বাড়িতে মা আর ভাই রয়েছে। প্রতি মাসে যথা সময়ে বাড়িওয়ালাকে ৭০০০ টাকা ভাড়া দিয়ে দিতেন পল্লবি। ঘটনার তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছে যাদবপুর থানার পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাতে শেষ বারের মতো বাড়ির বাইরে দেখা গিয়েছিল পল্লবিকে। তারপর থেকে ফ্ল্যাটের সদর দরজা বন্ধ ছিল। ফ্ল্যাটে এক যুবকের যাতায়াত ছিল। তাঁর সঙ্গে পল্লবি সম্পর্কে ছিলেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন। বাড়িতে পুরুষ বন্ধুরা আসা যাওয়া করত, ঘটনার তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছেন তদন্তকারী কর্তারা।
পল্লবির এক মাসির মেয়ে জানান. 'ওর বয়ফ্রেন্ড রয়েছে জানি। সম্ভবত লিভইন করত তারা।' যাদবপুর থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Post a Comment