করোনায় বাংলাদেশে আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ২৫২০
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৩৮ জন। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৮৭৪ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ৫২০ জন এবং সুস্থ হয়ে উঠেছে এক হাজার ১১৪ জন।
আজ শনিবার দুপুরে ঢাকার মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ৬১৫টি। আর পূর্বেরসহ নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৪৪৬টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ এক হাজার ৪৮০টি।
২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি দুই হাজার ৫২০ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত দুই লাখ ২১ হাজার ১৭৮ জন। শনাক্তের হার ২০ দশমিক ০৮ শতাংশ।’অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ১১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ২২ হাজার ৯০ জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২ হাজার ৮৭৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ২৯ জন এবং নারী ৯ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ২ হাজার ২৬৬ জন এবং নারী ৬০৮ জন।
’বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

Post a Comment