বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা
ঢাকা প্রতিনিধি : বন্ধ ঘোষণা করা হলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর উৎপাদন কার্যক্রম। সংস্কার ও আধুনিকায়নের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দেওয়া হবে। শ্রমিকদের পাওনা টাকা দেওয়া হবে সরাসরি তাদের অ্যাকাউন্টে।
আজ বৃহস্পতিবার সকালে গণভবনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এসব তথ্য সংবাদমাধ্যমকে জানান।বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত পাটকল রয়েছে ২৫টি।
মুখ্য সচিব বলেন, 'রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর আধুনিকায়ন ও রিমডেলিংয়ের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দেওয়া হবে। শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিতে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।'
ড. আহমদ কায়কাউস বলেন, 'শ্রমিকদের আরও দক্ষ করতে প্রশিক্ষণ দেবে সরকার। পরবর্তীতে এ কারখানাগুলো পুনরায় চালু হলে নিয়োগের ক্ষেত্রে বর্তমান শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে।'
এক প্রশ্নের জবাবে মুখ্য সচিব বলেন, 'পাটকল শ্রমিকরা এতোদিন ঠিকমতো তাদের পাওনা পেতো না। এখন তাদের সব পাওনা বুঝিয়ে দেওয়া হবে।'তিনি বলেন, 'মূলত শ্রমিকদের সুরক্ষার জন্য ৫০ শতাংশ পারিবারিক সঞ্চয়পত্রের মাধ্যমে দেওয়া হবে। এতে শ্রমিকরা এখন যে অবস্থায় আছেন তার চাইতে বেশি ভালো থাকবেন।'

Post a Comment