দুজন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ সুশান্তের বান্ধবীর
সুশান্তের মৃত্যুর পর থেকেই বিভিন্ন রকমের অশ্রাব্য ভাষায় তাঁকে আক্রমন করা হচ্ছে। তাই এবার আর চুপ না থেকে দুজন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন অভিনেত্রী। জানা যাচ্ছে এই দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি রিয়াকে অশ্লীল মেসেজ পাঠাচ্ছিল।
১৬ জুলাই মন্নু রাউত নামে এক ব্যক্তির থেকে ধর্ষণ ও খুনের হুমকি পেয়েছিলেন রিয়া। তারপর সেই হুমকির স্ক্রিনশট পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে মন্নু রাউত লিখেছে, “তুমি আত্মহত্যা করো। না হলে আমি নিশ্চিত করব, তোমায় যেন ধর্ষণ করে খুন করা হয়।” স্ক্রিনশট শেয়ার করে রিয়া লেখেন, “আমায় অর্থলোভী বলা হয়েছে, আমি চুপ থেকেছি। আমায় খুনি বলা হয়েছে, আমি চুপ থেকেছি। আমায় স্লাটশেম করা হয়েছে, তাতেও চুপ থেকেছি। কিন্তু আমি চুপ রয়েছি বলে আপনাকে এটা বলার অধিকার কে দিল যে আমি আত্মহত্যা না করলে আমায় ধর্ষণ করে খুন করা হবে।”
রিয়া আরও লিখেছেন, “আপনি যা বলেছেন তার গুরুত্ব আপনি বোঝেন? এগুলি আইনত অপরাধ। আর আইন অনুযায়ী, কাউকে এভাবে হেনস্থা করা যায় না। আমি সাইবার ক্রাইমের কাছে অনুরোধ করছি এর বিরুদ্ধে যথাযোগ্য পদক্ষেপ করার। যথেষ্ট হয়েছে!’ এর পরেই শনিবার সন্ধ্যায় সান্তাক্রুজ থানায় গিয়ে অশ্লীল মন্তব্য এবং হুমকির জন্য লিখিত অভিযোগ করেন।
Post a Comment