জন্মদিন কেনো পালন করলেন না, তা জানালেন জয়া
ঢাকা প্রতিনিধি : গেলো বুধবার জন্মদিন ছিল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। কিন্তু এবারের জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা রাখেননি তিনি। কেনো জন্মদিন উদযাপন করেননি, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তা জানিয়েছেন জয়া আহসান।
বৃহস্পতিবার দেওয়া স্ট্যাটাসে জয়া আহসান লেখেন, ‘গতকাল ছিল ১ জুলাই। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দিন। মর্মান্তিক সেই ঘটনা আমার মনে স্থায়ী একটি ক্ষত রেখে গেছে। সেই ঘটনার ব্যথা এই দিনটিতে আমার মনে এখনো অসম্ভব তীব্র হয়ে ওঠে। মনে ভেসে উঠতে থাকে নিহত একরাশ মুখচ্ছবি।
আমি কিছুতেই ভুলতে পারি না।’‘১ জুলাই আমার জন্মদিনও। জন্মদিন উদযাপনের দিন। কিন্তু ২০১৬ সালের ১ জুলাইয়ের সেই ঘটনার পর থেকে আমার মনে কোনো উদযাপন আসে না। কেক কাটার মন মরে যায়। তারপরও বন্ধুদের মনের উষ্ণতা আর শুভাকাঙ্ক্ষীদের অকুণ্ঠ ভালোবাসায় দিনটা ভরে গিয়েছিল। কত যে ফোন, কত যে ক্ষুদে বার্তা, সোশ্যাল মিডিয়ায় আশীর্বাণী।
অনেকের লেখায় এত আন্তরিকতা, এতটাই মমতা যে আমার চোখ পানিতে ভরে গেছে। সত্যিকারের ভালোবাসা এ রকম দিনেই টের পাওয়া যায়', যোগ করেন তিনি।
এই অভিনেত্রী আরও লেখেন, ‘ব্যক্তিগতভাবে সবাইকে আলাদা আলাদা করে বলতে পারলেই নিশ্চয়ই সবচেয়ে ভালো হতো। সংগতও হতো। তারপরও সবাইকে কৃতজ্ঞতা। সবার জন্য অনেক অনেক ভালোবাসা।’

Post a Comment