বেলেঘাটা হাসপাতালে একসঙ্গে ২৫ জন করোনা আক্রান্ত
নার্স ও চতুর্থ শ্রেণির কর্মী মিলিয়ে এক দিনে মোট২৫ জন করোনা আক্রান্ত হলেন কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে। হাসপাতালে একসঙ্গে এত জন সংক্রামিত হওয়ায় পরিষেবা স্বাভাবিক রাখা নিয়ে উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ।
করোনা চিকিৎসার অন্যতম প্রধান হাসপাতাল কলকাতার বেলেঘাটা আইডি। অন্যান্য হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত হলেও এই হাসপাতালের কর্মীদের এতদিন সংক্রমণ ছুঁতে পারিনি। কিন্তু এই প্রথম বেলেঘাটা আইডিতে একসঙ্গে এতজন করোনা আক্রান্ত হলেন।
জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে রয়েছেন সাত জন নার্স। বাকিরা চতুর্থ শ্রেণির কর্মী।বেলেঘাটা আইডি সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাকিদের কয়েক জনকে সেফ হোম ও কয়েক জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
অন্যদিকে, বাংলায় একদিনে ফের বাড়ল সুস্থ হয়ে ওঠার হার৷ আর গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৭ হাজারের বেশি টেস্ট৷ আক্রান্ত ২ হাজারের বেশি৷ একদিনে কমল মৃতের সংখ্যা৷ মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে রাজ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ১০৫ জন৷এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ২২ জন৷ সুস্থ হয়ে উঠার হার বেড়ে হয়েছে ৬৬.৭৪ শতাংশ৷ গতকাল সোমবার ছিল ৬৫.৬২ শতাংশ৷
গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ১৩৪ জন৷ তবে এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে হল ৬২ হাজার ৯৬৪ জন৷ গতকাল সোমবার ছিল ৬০ হাজার ৮৩০ জন৷অন্যদিকে একদিনের হিসেবে কমেছে মৃতের সংখ্যা৷ মঙ্গলবারের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৩৮ জনের৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৩৯ জন৷ বাংলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৪৯ জনে৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমেছে৷

Post a Comment