বাংলাদেশে করোনার ভ্যাকসিনের তৃতীয় ট্রায়াল চালাতে চায় চিন
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল চালানোর পরিকল্পনা করছে চিন।ইকোনোমিক টাইমস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, চিনের সুপরিচিত সিনোফার্ম ও ন্যাশনাল বায়োটেক তৃতীয় ধাপের ট্রায়ালে ৪০ হাজার মানুষকে পরীক্ষামূলক করোনার টিকা দিতে চাচ্ছে।
এর জন্য প্রতিষ্ঠান দুটি দেশটির ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির সহযোগিতা চেয়েছে।গত মাসে চিনের করোনার টিকার দ্বিতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে পরিচালনার কথা জানানো হয়েছিল।বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেছিলেন, ‘সম্ভাব্য করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ধাপের ট্রায়াল চিনা কর্তৃপক্ষ বাংলাদেশে চালাতে পারে।’
বিশ্বে করোনাভাইরাসের ১৮টি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এর মধ্যে সাতটিই চিনের। দেশটির সরকারি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্ম টিকার ব্যাপক উৎপাদনের জন্য ইতোমধ্যে উহানে তাদের প্ল্যান্ট নির্মাণ শেষ করেছে।

Post a Comment