বাবার লেখা কবিতার অংশ করোনাযোদ্ধাদের প্রতি উৎসর্গ করলেন অমিতাভ
অমিতাভ বচ্চনের জন্য উৎকণ্ঠায় বিশ্বের অগণিত ভক্ত। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ননবতী হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তিনি একাই নন, করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর সন্তান অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও নাতনি আরাধ্যা। তাঁরাও একই হাসপাতালে রয়েছেন।
আর করোনা রোগীদের সুস্থ করে তুলতে যাঁরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, সেসব করোনাযোদ্ধার জন্য এবার কবিতা উৎসর্গ করলেন বিগ বি। জানা যায়, বিগ বি তাঁর বাবা কবি হরিবংশ রাই বচ্চনের লেখা কবিতার অংশ উৎসর্গ করেছেন করোনাযোদ্ধাদের প্রতি।
হিন্দিতে লেখা সেই কবিতার সারমর্ম দাঁড়ায়—যারা মেরুদণ্ডকে সর্বদা সোজা রাখে, তাদের সঙ্গে আমি আছি। যারা অধিকারের পক্ষে লড়াই কখনো থামায় না, যারা কখনো মাথা নিচু করে অত্যাচার সহ্য করে না, তারা একা থাকুক বা তাদের সঙ্গে বড় দল থাকুক, যারা মেরুদণ্ডকে সর্বদা সোজা রাখে, তাদের সঙ্গে আমি আছি।
এর আগে এক পোস্টে ভক্তদের অবিরাম ভালোবাসা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানান অমিতাভ বচ্চন। ওই পোস্টে একটি ছবিও শেয়ার করেন, যেখানে অভিষেক, ঐশ্বরিয়া ও আরাধ্যাসহ তাঁকে মুম্বাইয়ের বাড়িতে হাস্যোজ্জ্বল দেখা যায়।
আগামী বুধবার পুরো বচ্চন পরিবারের দ্বিতীয়বার করোনাভাইরাস পরীক্ষা করা হবে। আর এর ফল আসার পর ডা. বারবি, ডা. আনসারি এবং তাঁদের দল অমিতাভ ও তাঁর পরিবারকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে কি না এবং পরবর্তী চিকিৎসা কোন পদ্ধতিতে চলবে, সেই সিদ্ধান্ত নেবেন।

Post a Comment