কামারহাটিতে গঙ্গায় তলিয়ে নিখোঁজ কিশোরের দেহ উদ্ধার
কামারহাটির পিটুরিঘাটে স্নান করতে নেমে বুধবার তলিয়ে যায় এক কিশোর। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই দিন সকাল দশটা নাগাদ পিটুরিঘাটে স্নান করতে নামে বেশ কয়েকজন কিশোর।
তাদের মধ্যেই রমজান আলী শেখ নামে বছর তেরোর এক কিশোর গঙ্গায় তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। বৃহস্পতিবার সেই কিশোরের নিথর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, কিশোরের দেহ পিটুরি ঘাট ও আড়িয়াদহ ঘাটের মধ্যবর্তী এক স্থান উদ্ধার হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দেহ উদ্ধার করে।
এ দিনই কিশোরের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, বেলঘড়িয়ার ধোবিয়া বাগান এলাকার বাসিন্দা ওই কিশোর বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে যায়। এরপর খবর দেওয়া হয় বেলঘড়িয়া থানায়। পুলিশ এসে কিশোরের খোঁজে তল্লাশি শুরু করে। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তারপরে এ দিন সকালে কিশোরের খোঁজ মেলে।

Post a Comment