ফের দিল্লিতে ডাক পড়ল মুকুল রায়ের
কলকাতায় ফেরার ২৪ ঘণ্টার মধ্যেই ফের দিল্লিতে ডাক পড়ল মুকুল রায়ের। সূত্রের খবর, আগামী শুক্রবার অমিত শাহ মুকুলের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত অমিত শাহর কাছে গিয়ে রাজ্যের নির্বাচনে মুকুল রায়ের ‘গুরুত্ব’ ব্যাখ্যা করেছেন।সেকারণেই মুকুলকে শুক্রবার ডেকে পাঠানো হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।
দিল্লির বৈঠকে মুকুলের না থাকা নিয়ে বিজেপির রাজ্য রাজনীতিতে গত দু’দিন ধরে জলঘোলা চলছে। কেন তাঁর দিল্লির বাড়ির সামনে থেকে মোদী-শাহের ছবি-সহ হোর্ডিং ‘ঝড়ে উড়ে গেল’, সবই জল্পনায় ইন্ধন জোগাচ্ছে।তবে দলের সাংসদ স্বপন দাশগুপ্ত বলেছেন, ‘এটা বিস্ময়কর যে মুকুল রায় নিজের দিল্লির বাসভবন থেকে মোদী-বিজেপির হোর্ডিং সরিয়ে নিয়েছেন বলে বিভিন্ন সংবাদ পোর্টালে ভুয়ো খবর প্রকাশিত হয়েছে। কিন্তু রূঢ় বাস্তব হল যে দিল্লি বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী গত ফেব্রুয়ারিতে হোর্ডিংগুলি খুলে নেওয়া হয়েছিল।’
জানা যাচ্ছে, শাহের সঙ্গে বৈঠকে মুকুল রায়কে গুরু দায়িত্ব দেওয়া হতে পারে। এমনকি, আগামী বাংলায় বিধানসভা নির্বাচনেও মুকুল রায়ের উপর আস্থা রাখতে বড়সড় দায়িত্ব তৃণমূলের প্রাক্তন চাণক্যকে শাহ দিতে পারেন বলে জানা যাচ্ছে।

Post a Comment