পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে একাধিক এলাকায় ধস নেমে বিপত্তি
পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে একাধিক এলাকায় ধস নেমে রাজ্য ও জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়। পাহাড়ের সঙ্গে সমতল শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আচমকা ধস নেমে একাধিক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। একটানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ের একাধিক জায়গায় ধস নামে। মাটি ও পাথর ধসে পড়ে বন্ধ হয়ে যায় রাজ্য ও জাতীয় সড়ক। ধস নামে শিলিগুড়ি ও দার্জিলিং সংযোগকারী ৫৫ নং জাতীয় সড়কেও।
তিনধরিয়ার কাছে ধস নেমে সমতলের সঙ্গে পাহাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিনধরিয়ায় ধসের কবলে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃষ্টির জেরে ধস নামে পাগলাঝোড়াতেও। বৃষ্টির জেরে বড় ধস নামে পাঙ্খাবাড়ি এলাকায়। ধস নেমে এলাকার রাস্তা বন্ধ হয়ে যায়। রোহিনী রোড দিয়েই পাহাড় ও সমতলের সড়ক যোগাযোগ চলে। যদিও ধস সরানোর কাজ শুরু হয়েছে সকাল থেকেই। মিরিকের একাধিক এলাকায় ধস নেমেছে।
১২-এ রাজ্য সড়কে ধস নেমে বিপত্তি। মিরিক ও শিলিগুড়ির মধ্যে সড়ক যোগাযোগ ব্যাহত হয়ে পড়ে। ঘুরপথে গাড়ি চলাচল করতে বাধ্য হয়। এছাড়াও আরও কয়েকটি এলাকায় ধস নেমে সমস্যা বাড়ে। বৃষ্টির জেরে ধস নেমেছে কালিম্পংয়েও। কালিম্পঙে ধস নেমে বেশ কয়েকটি কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির জেরে ধস সরানোর কাজে সমস্যায় পড়তে হয়। এদিকে, পাহাড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই কারণেই রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে পাহাড়জুড়ে। ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে।
Post a Comment