আজ থেকে খুলে গেল দিঘার সব হোটেল
আজ থেকে খুলে গেল দিঘার সমস্ত হোটেল। আনলক এর প্রথম দিনে কিছু পর্যটককে দেখা গিয়েছে দিঘা,মন্দারমনি বা তাজপুরে। আশা করা হচ্ছে সপ্তাহ শেষে বা আগামী সপ্তাহ থেকে পর্যটক সংখ্যা বাড়বে সৈকত শহরে। দিঘার বিভিন্ন হোটেল মালিকরা জানিয়েছেন, দীর্ঘ লকডাউন কাটিয়ে সবে স্বাভাবিক হচ্ছে দীঘা, মন্দারমনি, তাজপুর শংকরপুর-এর মত পূর্ব মেদিনীপুরের সৈকত শহর গুলো।
তাই পরিস্থিতি পুরোপুরি আগের মত হতে কিছুটা সময় লাগবে। তার ওপর এখনো ট্রেন চলাচল শুরু হয়নি। ইচ্ছে থাকলেও তাই অনেক পর্যটকই এখনি আসতে পারছেন না। তবে আশা করা হচ্ছে চলতি সপ্তাহের শেষে বা আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যটকদের সংখ্যা বেশ খানিকটা বাড়বে।
একইসঙ্গে হোটেলগুলির তরফে দাবি করা হয়েছে, সরকারি নির্দেশিকা মেনে করোনা সংক্রান্ত যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই পর্যটকদের আশঙ্কার তেমন কোনো কারণ নেই। ইতিমধ্যেই বেশ কিছু পর্যটক অনলাইনে হোটেল বুক করছেন বলেও জানিয়েছেন তারা।

Post a Comment