প্রবল বৃষ্টিতে মালদায় বন্যা পরিস্থিতির আশঙ্কা
৪৮ ঘন্টা ধরে চলছে প্রবল বৃষ্টি। আর তার জেরে মালদার একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে জেলা প্রশাসন। মালদা জেলার মহানন্দা, গঙ্গা এবং ফুলহার নদীর জল ব্যাপক হারে বাড়ছে। তিনটি নদীর জল বিপদসীমার কাছ দিয়ে বইছে বলে শেষ দপ্তর সূত্রে জানা গিয়েছে।
এই অবস্থায় নদী বাঁধ সংলগ্ন এলাকার মানুষেরা বন্যার আশঙ্কা করে অন্যত্র আশ্রয়ের জন্য ব্যবস্থা নিতে শুরু করেছেন। ইতিমধ্যে ইংরেজবাজার শহরের ৮,৯,১২ এবং ১৩ নম্বর ওয়ার্ডের বেশ কিছু মহানন্দা নদী সংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে। প্রায় ২০০ টি পরিবার মহানন্দা নদীর জলে প্লাবিত হওয়ার পরে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
একইভাবে রতুয়া ১ ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের ফুলহার নদী সংলগ্ন সূর্যাপুর এলাকা, মানিকচক ব্লকের শংকরটোলা এলাকা, ভুতনি থানা এলাকার হীরানন্দপুর গ্রাম এবং কালিয়াচক ৩ ব্লকের শোভাপুর পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গঙ্গা নদী সংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে। যদিও এসব এলাকায় তৎপরতা সাথেই বন্যা এবং ভাঙন ঠেকানোর কাজ শুরু করেছে সেচ দপ্তর।

Post a Comment