ভয়াবহ বিস্ফোরনে কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান, মৃত ১৯
মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরনে কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান। জানা গিয়েছে, উত্তর তেহরানের একটি ক্লিনিকে ওই শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।
প্রাথমিক খবরে ১৩ জন নিহত হওয়ার কথা জানা গিয়েছিল। পরে তেহরানের দমকল বিভাগের মুখপাত্র জালাল মালেকির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, বিস্ফোরণে মোট ১৯ জন নিহত হয়েছেন যাদের মধ্যে ১৫ জনই নারী। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে তেহরানের সিনা আতাহার স্বাস্থ্য ক্লিনিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে ১৯ জন নিহত হওয়া ছাড়াও আরও অনেকে আহত হয়েছেন।বিস্ফোরণের সময় হতাহতদের কেউ কেউ ক্লিনিকের উপর তলার অপারেশন রুমে অবস্থান করছিলেন।তেহরানের দমকল বিভাগের মুখপাত্র জালাল মালেকির জানান, ঘন ধোঁয়া ও তাপের কারণে দুর্ভাগ্যজনকভাবে এতগুলো মানুষ মারা গেছে। তবে দমকল কর্মীরা ক্লিনিকের ভিতর থেকে ২০ জনকে জীবিত বের করতে সক্ষম হয়েছে।
দীর্ঘ ৪ ঘণ্টা ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেছে দমকল কর্মীরা।এই বিস্ফোরণের কারণ হিসাবে গ্যাস লিকের কথা বলছে তেহরান কর্তৃপক্ষ। তেহরানের গভর্নরের হামিদরেজা গৌদারজি নামক একজন ডেপুটি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, চিকিৎসা কাজে ব্যবহৃত গ্যাস ট্যাঙ্ক থেকে গ্যাস লিক হওয়ার কারণে ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পরপরই গোটা ক্লিনিকে আগুন ধরে যায়।এসময় বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং উদ্ধার তৎপরতা শুরু করে।

Post a Comment