করোনায় মারা গেলেন বাংলাদেশের রাষ্ট্রপতির ছোট ভাই মুক্তিযোদ্ধা আবদুল হাই
ঢাকা প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী সচিব মুক্তিযোদ্ধা আবদুল হাই। আজ শুক্রবার রাত একটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে আবদুল হাইয়ের ভাগ্নে আবুল খায়ের উজ্জ্বল বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার পর ৫ জুলাই মামাকে ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মামার মৃত্যু হয়।’মুক্তিযোদ্ধা আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক। তিনি পরিবার-পরিজন নিয়ে ঢাকায় বসবাস করছিলেন।
তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করা হয়। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। আবদুল হাইয়ের ছেলে ব্যবসায়ী সাইফ মো. ফারাবিও কিছুদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি সুস্থ হয়ে উঠেছেন।

Post a Comment