বাঁকুড়া জেলাজুড়ে পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় মৃত পাঁচ
বাঁকুড়া জেলা জুড়ে বজ্রপাতে একই দিনে মৃত্যু হল পাঁচ জনের। মৃতদের মধ্যে একজন মহিলা। সোমবার দুপুরে জেলাজুড়ে বজ্র বিদ্যুৎ সহযোগে ব্যাপক বৃষ্টি হয়। এই সময়ই পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় এই পাঁচ জনের মৃত্যু হয়। মৃতদের পাঁচ জনের মধ্যে তিন জনেরই বাড়ি বাঁকুড়ার ওন্দা থানায়।
পুলিশ সূত্রে জানা গেছে ওন্দা থানার মাজদিহা গ্রামের দিলীপ ঘোষ (৫৫), ওন্দা মালপাড়া এলাকার বাসিন্দা প্রতিমা মাল (৩৪) ও পুনিশোল গ্রামের বাসিন্দা আব্দুল মামুদ মন্ডল (৪০) এদিন বজ্রপাতে মারা যান। এই তিন জন ছাড়াও গঙ্গাজলঘাটি থানার কালিপুর গ্রামের রবিন বেসরা (৩৭) ও বাঁকুড়া সদর থানার বানের গ্রামে হৃদয় বাউরী (৫৭) নামে দুই ব্যাক্তিরও বজ্রপাতে মৃত্যু হয়।
জানা গেছে মৃত পাঁচ জনই নিজের নিজের এলাকায় মাঠে ধান রোপনের কাজ করছিলেন। পাঁচটি মৃতদেহই পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।

Post a Comment