আন্তর্জাতিক বাজারে প্রতিদিনই বাড়ছে সোনার দাম
আন্তর্জাতিক ডেস্ক : মহামারী করোনার কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। গত কয়েক দিন ধরেই এই দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দামের রেকর্ড ছাড়িয়ে গেছে ১৮শ’ ডলার।করোনার প্রকোপের কারণে বিনিয়োগকারীদের একটি অংশ নিরাপদ বিনিয়োগের জন্য স্বর্ণ কিনে মজুত করে রাখছেন।
এ জন্য আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এভাবে বেড়ে যাচ্ছে।এর আগে, ২০১১ সালের আগস্টে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮’শ ডলারের ওপরে উঠে ছিল। এরপর গত প্রায় ৯ বছর পর এবারই প্রথম প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮শ’ ডলার ছাড়িয়ে গেল।আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, বুধবার লেনদেনের একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮১৯ ডলারে উঠে যায়।
যদিও দিনের লেনদেন শেষে তা ১৮০৯ ডালারে থিতু হয়। বুধবার স্বর্ণের দামে বড় উত্থান হলেও বৃহস্পতিবার লেনদেনের প্রথমদিকে স্বর্ণের দাম কিছুটা কমেছে। প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৪৫ ডলার কমে ১৮০৮ দশমিক ৫৫ ডলারে দাঁড়িয়েছে।করোনার প্রভাবে চলতি বছরের শুরুতেই স্বর্ণের দাম বাড়তে শুরু করে। গত বছরের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৪৫৪ ডলার ছিল।
এরপর করোনার প্রকোপের মধ্যে ফেব্রুয়ারিতে ১৬৬০ ডলারে উঠে যায়। তবে মার্চে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়। এক ধাক্কায় দাম কমে প্রতি আউন্স ১৪৬৯ ডলারে নেমে আসে। মার্চে দরপতন হলেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি।হু হু করে দাম বেড়ে মে মাসে প্রতি আউন্স স্বর্ণের দাম উঠে যায় রেকর্ড ১৭৪৮ ডলারে। এরপর ছোট খাটো উত্থান-পতন হলেও এখন টানা বাড়ছে স্বর্ণের দাম।
৩০ জুন প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ১৭৮০ ডলার ছাড়িয়ে যায়। ফলে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে।চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবসের প্রতি কার্যদিবসেই স্বর্ণের দাম বাড়ে। এতে সপ্তাহের ব্যবধানে এক দশমিক ৮৮ শতাংশ এবং বছরের ব্যবধানে প্রায় ২৭ দশমিক ৪৬ শতাংশ বাড়ল স্বর্ণের দাম।
এদিকে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গত ২২ জুন বাংলাদেশে দাম বাড়ানোর ঘোষণা দেয় স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সাধারণত ভরিতে এক-দেড় হাজার টাকা করে বাড়ানো হলেও এবার এক লাফে প্রতি ভরি স্বর্ণের দাম পাঁচ হাজার ৭১৫ টাকা বাড়ানো হয়। অবশ্য দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর পরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ২০ ডলারের উপরে বেড়েছে।

Post a Comment