আইসিসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা শশাঙ্ক মনোহরের
করোনার ফলে বদলে যাচ্ছে ক্রিকেট প্রশাসনের চেহারা ও। ৪ বছর সর্বোচ্চ পদে থাকার পরে অবশেষে হঠাৎ করেই ইস্তফা দিয়ে দিলেন ভারতীয় শশাঙ্ক মনোহর। এই পরিস্থিতিতে প্রশ্ন আইসিসি’র পরবর্তী চেয়ারম্যান কে হবেন? একাধিক বৈঠকের পরও তার উত্তর মিলছিল না। তারই মধ্যে আজ বুধবার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর।
উল্লেখ্য ২০১৬ সাল থেকে দু’বছর করে দু’বার চেয়ারম্যান পদে ছিলেন তিনি। ইতিমধ্যেই মনোহরের ইস্তফাপত্র গ্রহণ করেছে আইসিসি। জানিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী চেয়ারম্যান আসার আগে পর্যন্ত দায়িত্ব সামলাবেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খোওয়াজা। আগামী সপ্তাহের মধ্যেই চেয়ারম্যান নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলেও নিশ্চিত করে আইসিসি।
আইসিসির চিফ এক্সিকিউটিভ মানু সাওনি জানান “আইসিসি বোর্ড অধিকর্তা এবং গোটা ক্রিকেট পরিবারের তরফে শশাঙ্ককে তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা পালন করেছেন। ওঁর ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল।”

Post a Comment