পূরণ হচ্ছে এন্ড্রু কিশোরের শেষ ইচ্ছা
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর আজ সোমবার সন্ধ্যায় মারা গেছেন। নন্দিত এই গায়কের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক জানিয়েছেন। এই শিল্পীর মৃত্যুতে সংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
এন্ড্রু কিশোরের বোনজামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, শিল্পীর মরদেহ রাজশাহীর একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সব আনুষ্ঠানিকতা শেষে তাকে তার মায়ের পাশে সমাহিত করা হবে।
তিনি আরও জানান, মৃত্যুর আগে এন্ড্রু কিশোর নিজেই বলে গেছেন তাকে যেনো মায়ের পাশেই সমাহিত করা হয়। সেই ইচ্ছায়ই মায়ের পাশেই তাকে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তবে সময় এখনো ঠিক করা হয়নি।সিঙ্গাপুরে দীর্ঘ ৯ মাস চিকিৎসাধীন থাকার পর এন্ড্রু কিশোর ১১ জুন রাত আড়াইটার একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশে ফেরেন।
তারপর ঢাকার বাসায় বেশকিছু দিন অবস্থান করে শরীরের অবস্থা বিবেচনায় ও কোলাহলমুক্ত থাকতে তিনি গ্রামের বাড়ি রাজশাহী চলে যান।মৃত্যুকালে এন্ড্রু কিশোরের বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী লিপিকা এন্ড্রু, ছেলে এন্ড্রু সপ্তক ও মেয়ে এন্ড্রু সঙ্গাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Post a Comment