তৃনমূলের বিড়ম্বনা বাড়িয়ে এবার বিস্ফোরক হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়
তৃণমূল পড়েছে গভীর সংকটে। তৃণমূলে রাঘববোয়ালদের পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। খোদ মন্ত্রীই তৃণমূলে রাঘববোয়াল তত্ত্ব সামনে এনেছেন। হাওড়া তৃণমূলে দুই মন্ত্রীর দ্বন্দ্ব সামনে আসতেই এক মন্ত্রী রাঘববোয়ালদের বিচার চেয়েছেন। তিনি সাফ জানিয়েছেন চুনোপুঁটিদের ধরে কোনও লাভ নেই।
শুদ্ধিকরণ নিয়ে তরজা সাংঘাতিক রূপ নিয়েছে তৃণমূলে। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে ফের একবার তৃণমূলে দুর্নীতির বাসায় ঢিল পড়েছে। বিধানসভা নির্বাচনের আগে স্বচ্ছতার জার্সি পড়তে গিয়ে নতুন বিপদ উড়ে এসে জুড়ে বসেছে তৃণমূলে। দুর্নীতির ফাঁদ কেটে বেরোতে গিয়ে তৃণমূলে বিভাজন রেখা স্পষ্ট হয়ে উঠছে বারবার।
জেলার বেশ কিছু পদাধিকারীকে দল থেকে সাসপেন্ড করার পর মন্ত্রী তথা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায় সমালোচনা মুখর হয়ে ওঠেন অরূপ রায়ের বিরুদ্ধে। রাজীব বলেন, দলে শুদ্ধিকরণের নামে রাঘববোয়াল, রুই-কাতলাদের ছেড়ে চুনোপুঁটি নেতাদের দুর্নীতি বের করা হচ্ছে।
রাজীবের কথায়, হেভিওয়েট নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলেও ছাড়া পেয়ে যাচ্ছেন বেমালুম। কিন্তু চুনোপুঁটিরা দল থেকে বিতাড়িত হচ্ছেন। রাজীবের এই মন্তব্যকে দল বিরোধী বলে দাবি করেছে তৃণমূলের একাংশ। কেননা দল এখন শুদ্ধিকরণের রাস্তায় হাঁটছে। আর তার সমালোচনা করছেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
রাজীবের সমালোচনার পরিপ্রেক্ষিতে অরূপ রায় বলেন, রাজীবের কোনও ভিন্নমত থাকতেই পারে। সেটা প্রকাশ্যে বলা ঠিক হয়নি। হাওড়া জেলার পর্যবেক্ষক ফিরহাদ হাকিমও বলেন, রাজীব দলের গুরুত্বপূর্ণ নেতা। ওর যদি কোনও মত থাকে দলের সামনেই বলা উচিত। কিছু বলার থাকলে আমাকে বলতে পারত। দলকে বলতে পারত।

Post a Comment