কোনও বেসরকারি সংস্থা নয়, করোনার ভ্যাকসিন বিতরণ করা হবে কেন্দ্রের মাধ্যমেই, সেরাম
সোমবার এক বিবৃতি প্রকাশ করে সেরাম ইনস্টিটিউট জানিয়েছেন করোনার ভ্যাকসিন বাজারে আসলে কোনও বেসরকারি সংস্থার হাতে এর সরবরাহ ও বিতরণের দায়িত্ব দেওয়া হবে না, তা বিতরণ করা হবে কেন্দ্রের মাধ্যমেই।
সেরাম জানিয়েছে এমন ভাবে এই ভ্যাকসিন বিতরণ করা হবে, যেন দেশের প্রতিটি কোণায় তা পৌঁছে দেওয়া যায়। সোমবার এই সংস্থার সিইও আদর পুনাওয়ালা জানান প্রত্যেকে এই ভ্যাকসিন পাবেন। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মাত্রাতেই তা রাখা হবে। সরবরাহ প্রসঙ্গে সেরাম জানিয়েছে এই ভ্যাকসিন সম্ভবত কিনতে হবে না। অর্থাৎ বিনামূল্যেই সরকারের পক্ষ থেকে তা পাওয়া যাবে। করোনা ভ্যাকসিনের জন্য প্রয়োজনীয় হিমঘর বা সাপ্লাই চেন তৈরির কথা ভাবা হচ্ছে বলে খবর। ভ্যাকসিন মজুত করতে বিশেষ ধরণের হিমঘর প্রয়োজন।
সেই পরিকল্পবনা করেই এগোচ্ছে কেন্দ্র। অন্যদিকে, ভ্যাকসিন তৈরি হওয়ার পর খুব তাড়াতাড়ি যাতে সাধারণ মানুষের কাছে তা পৌঁছয়, সেই কারণে তৈরি করা হচ্ছে সাপ্লাই চেন বা বিশেষ সরবরাহ প্রক্রিয়া। এর পরিকল্পনা ইতিমধ্যেই করা হয়েছে। গোটা প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। তবে পরের বছরের আগে ভারতের বাজারে করোনার ভ্যাকসিন আসবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সরকারি সূত্রের খবর ইতিমধ্যেই প্রাথমিক স্তরে দুটি বৈঠক এই প্রক্রিয়া শুরু করার জন্য প্রস্তুতি হিসেবে হয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও কয়েকটি বৈঠকের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে ভ্যাকসিন তৈরির অগ্রগতির দিকে কড়া নজর রেখেছে গোটা টিম।
Post a Comment