গুরুতর অসুস্থ বিসিবি সভাপতি লন্ডনে চিকিৎসাধীন, রাতে অস্ত্রোপচার
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গুরুতর অসুস্থ অবস্থায় লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।আজ রাতে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।প্রোস্টেটের সমস্যা চরম আকার ধারণ করায় পাপনের অস্ত্রোপচার করাতে হচ্ছে।
বাংলাদেশ সময় রাতে এই অস্ত্রোপচার করানো হবে বলে জানা গেছে।এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির পরচিালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।গত ২১ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন নাজমুল হাসান। তবে করোনার প্রাদুর্ভাবে সেখানে গিয়ে শুরুতেই চিকিৎসা নিতে পারেননি।
তাই ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে চিকিৎসা নেওয়া শুরু করেন বিসিবি বস। আজ তাঁর অস্ত্রোপচার করানো হবে।করোনার প্রকোপ শুরুর পর থেকে বিসিবি সভাপতি দেশের ক্রিকেটার, সাধারণ মানুষ এবং ক্রিকেটের বাইরের অ্যাথলেটদের পাশে ছিলেন। গণমাধ্যমেও তাঁর কম-বেশি উপস্থিতি ছিল।
শেষবার ক্রিকেট নিয়ে কথা বলেছেন জাতীয় ক্রীড়া পরিষদে। সেদিন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের হাতে দেশের ২৩টি ফেডারেশনের অসহায় ক্রীড়াবিদদের জন্য ৫০ লাখ ১০ হাজার টাকার চেক হস্তান্তর করেন নাজমুল হাসান।জানা যায়, প্রোস্টেটের সমস্যা বাড়তে থাকায় দেশে তিনবার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বিসিবি সভাপতিকে।

Post a Comment