মালদহ টোটো বিস্ফোরণে ছিন্নভিন্ন চালকের দেহ
বুধবার বিকেলে মালদহর ঘোড়াপীর এলাকায় চলন্ত টোটোতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহুর্তের মধ্যে ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। ছিন্নভিন্ন হয়ে যায় চালকের দেহ। মাথার খুলি উড়ে গিয়ে পড়লো রাস্তার বাড়ির চালে। হাত, পা টুকরো টুকরো হয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে চালকের। কি কারণে এই বিস্ফোরণ তা জানতে ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজবাজার থানার পুলিশ। পাশাপাশি সিআইডি বোম স্কোয়াডের টিম তদন্ত শুরু করেছে। যদিও শেষ পাওয়া খবরে ওই টোটো চালকের নাম এবং পরিচয় জানা যায়নি। তবে গোটা টোটোটিই ছিন্নভিন্ন হয়ে গিয়েছে।
এর আগে রাজ্যে টোটো বিস্ফোরণ এবং চালকের মৃত্যুর ঘটনার কোনও উদাহরন নেই এটাই রাজ্যে প্রথম বলে পুলিশের একাংশ দাবি। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, ওই টোটোতে কিছু ফাইবার ও কাঠের দরজা এবং কাঠমিস্ত্রীরা যে সামগ্রী গুলি ব্যবহার করে সেগুলোই মজুত ছিলো। হঠাৎ করে বাগবাড়ি স্ট্যান্ড থেকে কুড়ি মিটার দূরত্বে রাজ্য সড়কে ব্যাপক বিস্ফোরণ ঘটে। গোটা এলাকা কেঁপে যায়।
এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘোড়াপীর এলাকায়। দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় সাধারণ পথচারীদের মধ্যে। পরিস্থিতি স্বাভাবিক হতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের। পুলিশ তদন্তে এসে দেখতে পান,টোটো চালকের ছিন্নভিন্ন দেহ রাস্তায় পড়ে রয়েছে। হাত, পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মাথার খুলি রাস্তার ধারে একটি বাড়ির টালির চালে গিয়ে রক্ত মাখা অবস্থায় ঝুলে রয়েছে। হাড় হিম করা এই পরিস্থিতি দেখে অনেকেই আঁতকে ওঠেন। তবে কী কারণে এই বিস্ফোরণ তা পরিষ্কার করে কিছুই জানাতে পারেননি তদন্তকারী পুলিশ কর্তারা।
Post a Comment